আদানির বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কীভাবে সামাল দেবে সরকার?



 বকেয়া ইস্যুতে ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গেছে।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার সাতই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।

এতে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। বকেয়া না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানিটি।

বিবিসি নিউজের পক্ষ থেকে ভারতে আদানির কাছে জানতে চাওয়া হলেও, তাদের পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অবশ্য পরে বাংলাদেশে কোম্পানিটির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুদে বার্তায় জানানো হয়, ৮০ থেকে ৮৫ কোটি ডলার সাত দিনের মধ্যে দিতে হবে এমন কোনো দাবি তারা করেনি।

অন্তবর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বিবিসি বাংলার সঙ্গে কথোপকথনে জানান, কে কী বললো তার ওপর ভিত্তি করে নয়, সরকারের যে পেমেন্ট প্ল্যান(বকেয়া পরিশোধের পরিকল্পনা) রয়েছে, সেই অনুযায়ীই পাওনা পরিশোধ করা হবে।

প্রথম থেকেই আদানির সঙ্গে চুক্তিটি বাংলাদেশের অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন তিনি।