জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না: মোস্তাফিজার


                ০৮ নভেম্বর ২০২৪, ২৩: ০৮

রংপুরে জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে কর্মী সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। শুক্রবার সন্ধ্যায় নগরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ের সামনে


জাতীয় পার্টির (এরশাদ) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, ‘আজ জাতীয় পার্টিকে নিয়ে যাঁরা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে দেওয়ার সময় এসেছে। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব, রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদ শায়িত আছেন। দরকার হলে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’
আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘রংপুর আন্দোলনের সূতিকাগার। নুরলদীন বলে গেছেন, “জাগো বাহে কোনঠে সবায়”। রংপুর সেই নুরলদীনের মাটি। বৈষম্যবিরোধী আন্দোলনে টার্নিং পয়েন্ট হলো রংপুরের আবু সাঈদের আত্মত্যাগ।’